প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫১ এএম

‘নামাজে যাচ্ছি’ বলে পলাতক স্বামী, স্বামীর খোঁজে নববধূর অনশন
টিকটকে পরিচয়, এরপর প্রেম। প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বৈধতা পায় তাদের সম্পর্ক। তবে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সেই স্বপ্নের সংসার। ‘নামাজে যাচ্ছি’ বলে বাসা থেকে বেরিয়ে পলাতক হন স্বামী। তার কোনো খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত স্বামীর গ্রামের বাড়ি এসে অনশন শুরু করেছেন নববধূ।
ওই তরুণীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। স্বামীর খোঁজে সোমবার (২১ এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই গ্রামে তাকে অনশনরত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা জানান, তরুণী সকাল থেকেই বাড়ির সামনে অবস্থান নিয়েছেন এবং স্বামীকে ফিরিয়ে না পাওয়া পর্যন্ত সেখানেই থাকবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, মৌলভীবাজারের সদর উপজেলার কাটারাই গ্রামের আফতাব আলীর ছেলে ওয়াকিব আলীর সঙ্গে টিকটকে পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরুণীর। ৩ এপ্রিল ওয়াকিব চট্টগ্রামে যান, সেখানেই পরিবারের সম্মতিতে ৬ এপ্রিল কোর্ট ম্যারেজে বিয়ে করেন তারা। বিয়ের পর ওয়াকিব নববধূর পরিবারের সঙ্গেই চট্টগ্রামে অবস্থান করছিলেন।
নববধূ জানান, ১৫ এপ্রিল বিকেলে ওয়াকিব ‘নামাজে যাচ্ছি’ বলে বাসা থেকে বের হন। তারপর থেকেই তিনি নিখোঁজ। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে সোমবার নিজেই স্বামীর গ্রামের বাড়িতে হাজির হন তিনি।
ওয়াকিবের বাবা আফতাব আলী জানান, তার ছেলে সম্প্রতি ব্যবসার টাকার হিসাব নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েছিল এবং ঈদের আগেই বাড়ি থেকে বের হয়ে যায়। বর্তমানে ছেলের অবস্থান সম্পর্কে তার কোনো ধারণা নেই।
খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, “তরুণীটি ওয়াকিবের স্ত্রী পরিচয়ে তার বাড়িতে এসেছেন। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি।”
স্থানীয়রা বলছেন, ঘটনা সামাজিকভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি উভয় পরিবারের মধ্যে সমঝোতা চেষ্টাও চলছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com























