প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিলের আগুন নিয়ন্ত্রণে এলেও, কিছু এলাকায় এখনও আগুনের ধোঁয়া ও কুণ্ডলির দেখা মিলছে। ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পানি ছিটিয়ে আগুন নিভানোর চেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে আগুনের ধোঁয়া ও কুণ্ডলি কিছু স্থানে দেখা গেছে। বনবিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকা ঘুরে ঘুরে পানি ছিটাচ্ছেন, এবং আজ সারাদিন এ অগ্নিকাণ্ডের এলাকাটি পর্যবেক্ষণে রাখবে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, তাদের পাঁচটি ইউনিট নদী থেকে পানি তুলে আগুন নিভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তেইশের ছিলার শাপলার বিল এলাকায় আগুনের ফলে অন্তত ৬ একরজুড়ে লতাগুল্ম জাতীয় গাছপালা পুড়ে গেছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (এডি) আবু বক্কর জামান বলেন, “সুন্দরবনে আগুন নেভাতে আমাদের শুরু থেকেই জোয়ারের পানির ওপর নির্ভর করতে হচ্ছে। রোববার রাত থেকে কাজ শুরু করি, এবং আগুনের তীব্রতা কমলে এখন পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার সারারাত পানি ছিটানো হয়, এবং মঙ্গলবার সকালে আবারও কিছু এলাকায় ধোঁয়া ও কুণ্ডলি দেখা যায়। তবে সেগুলো সামান্য ছিল এবং আমরা সঙ্গে সঙ্গে পানি ছিটিয়ে তা নিভিয়ে ফেলেছি। এখন পর্যন্ত কিছু আগুন পাতার নিচে লুকিয়ে রয়েছে, তবে পানি ছিটানোর কাজ চলমান রয়েছে। আজ সারাদিন আমরা এলাকা পর্যবেক্ষণে রাখব।”
গত শুক্রবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে, এরপর রোববার দুপুরে একই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সে সময় থেকে ফায়ার সার্ভিস ও বনবিভাগ আগুন নেভানোর কাজ শুরু করে, এবং নতুন এলাকায় আগুন ছড়িয়ে না পড়ার জন্য ফায়ার লাইন কেটে দেয়া হয়।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























