আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ভুয়া ইমিগ্রেশন পরামর্শদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পিএম

যুক্তরাজ্যে ভুয়া ইমিগ্রেশন পরামর্শদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার

যুক্তরাজ্য সরকার অভিবাসন ব্যবস্থায় অনিয়ম রোধে নতুন এক আইনের মাধ্যমে ভুয়া ইমিগ্রেশন পরামর্শদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। “বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল” নামের এই আইনের আওতায়, নিবন্ধন ছাড়াই যারা অভিবাসন সংক্রান্ত পরামর্শ দেবে, তাদের ওপর সর্বোচ্চ £১৫,০০০ পর্যন্ত জরিমানা আরোপ করা হবে।

বর্তমানে দেশটিতে ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি (IAA)-এর অনুমোদন ছাড়া এ ধরনের পরামর্শ দেওয়া অপরাধ হলেও, নতুন আইনে এই অপরাধের শাস্তি আরও কঠোর করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অপরাধীদের দ্রুত সাসপেন্ড ও তদন্ত শুরুর অনুমতি দেওয়া হবে, যাতে অভিবাসন ব্যবস্থাকে অবৈধভাবে ব্যবহার করে প্রতারণা করা আরও কঠিন হয়।

বিশেষজ্ঞরা জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড বেড়েছে। ২০২৪ সালের অক্টোবরে সুকবিন্দর সিং কাং নামে একজন প্রতারক ফেসবুক গ্রুপ ব্যবহার করে অসংখ্য অভিবাসীর কাছ থেকে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। তিনি নিজেকে নিবন্ধিত পরামর্শদাতা হিসেবে পরিচয় দিয়ে ভুয়া সেবা দিতেন।

বর্ডার সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল বলেন, “এই ভুয়া পরামর্শদাতারা অভিবাসীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। আমরা নতুন আইন প্রয়োগের মাধ্যমে অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই এবং প্রতারণার শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করতে চাই।”

নতুন বিধানের আওতায়, IAA নিবন্ধিত পরামর্শকদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাৎক্ষণিক তদন্ত ও সাসপেনশন সম্ভব হবে। পাশাপাশি, যারা অবৈধভাবে পরামর্শ দিয়ে আসছেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা যাবে।

এদিকে হোম অফিসের একটি বিশেষ টিম ইতোমধ্যে লন্ডনে এক প্রতারকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যিনি শতাধিক অবৈধ অভিবাসন আবেদন জমা দিয়েছেন, যদিও তার সঠিক আইনগত যোগ্যতা ছিল না।

এই বিলের মাধ্যমে যুক্তরাজ্য সরকার অভিবাসন খাতে শৃঙ্খলা আনার পাশাপাশি প্রতারকদের প্রতিহত করে সঠিক ও ন্যায্য সেবা নিশ্চিত করতে চায়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক

ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক

কর্মী সংকট এড়াতে বিদেশি কারা কর্মকর্তাদের ভিসায় সাময়িক ছাড় দিল যুক্তরাজ্য

কর্মী সংকট এড়াতে বিদেশি কারা কর্মকর্তাদের ভিসায় সাময়িক ছাড় দিল যুক্তরাজ্য

পর্যটকদের অসচেতনতায় ধ্বংসের পথে যুক্তরাজ্যের একটি গ্রাম

পর্যটকদের অসচেতনতায় ধ্বংসের পথে যুক্তরাজ্যের একটি গ্রাম

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন