প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৪:২৫ পিএম

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে কঠোর নিরাপত্তা সত্ত্বেও বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ ও মিছিল চলছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিভাগীয় ভবন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে জমায়েত হন। এর ফলে সচিবালয় উত্তপ্ত হয়ে ওঠে এবং কর্মচারীদের আন্দোলনের কারণে কার্যত অফিস পরিচালনা বিঘ্নিত হয়।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কাজে না গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করতে নিচে নামেন। নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে সচিবালয়ের ভিতরে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সচিবালয়ের বাহিরেও পুলিশ, বিজিবি ও সোয়াত টিমের উপস্থিতি রয়েছে।
বিক্ষোভের তীব্রতা এবং বিশৃঙ্খলা এড়াতে মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে, যার মাধ্যমে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে বিভাগীয় মামলা ছাড়াই কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানাচ্ছেন, এই ইস্যুতে সব দল-মত নির্বিশেষে একযোগে আন্দোলনে নেমে আসার নজির আগে দেখা যায়নি। তারা মূলত নিজেদের স্বার্থ রক্ষায় একজোট হয়ে উঠেছেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























