প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৫:২৪ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ চলছে। তারা আজ (১৪ মে) মধ্যেই তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আগামীকাল (১৫ মে) সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী নাগরিকরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হলে সিটি করপোরেশনের সব সেবা বন্ধ করে দেওয়া হবে। তারা আরও বলেন, ‘‘আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করেই রাজপথ ছাড়বো, প্রয়োজনে পুরো ঢাকা শহর অচল করে দেবো।’’
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আইনানুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানো হচ্ছে না, যা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গড়িমসির কারণে ঘটছে। তাদের মতে, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তারা আদালতের রায় ও নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী ইশরাক হোসেনকেই বৈধভাবে নির্বাচিত মেয়র হিসেবে দাবি করেছেন।
বক্তারা জানান, যদি আজকের মধ্যে শপথ গ্রহণের উদ্যোগ না নেওয়া হয়, তবে আগামীকাল সকাল ৯টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে, যতক্ষণ না ইশরাক হোসেন নগরপিতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারা আরও দাবি করেন, শুক্রবার সকাল ১০টায় শহীদ মিনারে তার শপথ নেওয়া উচিত। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকে শপথ নেওয়ার সুযোগ দেওয়া না হলে সরকারের দায়িত্বশীলরা আদালত অবমাননার অপরাধে দোষী হবেন।
এছাড়া, বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, যা আদালত বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেছে। তাদের দাবি, ঢাকাবাসীর প্রত্যাশা পূরণ করতে হলে ইশরাক হোসেনকেই মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হবে।
গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করে। এর আগে, ঢাকার নির্বাচন ট্রাইব্যুনাল ইশরাক হোসেনের পক্ষে রায় দেয় এবং ২০২০ সালের সিটি নির্বাচনের ফল বাতিল করে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























