প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:১৪ পিএম

বাংলাদেশে আবার চালু হয়েছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম। এ উপলক্ষে অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাই কমিশনার সুসান রাইলির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাই কমিশনার রাইলি জানান, এখন থেকে ঢাকায় বসেই অনলাইনের মাধ্যমে অস্ট্রেলিয়ার ভিসার আবেদন করা যাবে। তিনি আরও বলেন, “এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারের বেশি বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন এবং বর্তমানে প্রায় ১৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে লেখাপড়া করছেন।”
সাক্ষাতে দুই দেশের সম্পর্ক নিয়ে আরও নানা বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল—বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, আগামী জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “আমরা বর্তমানে এক অস্থির সময় পেরিয়ে সংস্কারের মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী বাংলাদেশ গড়া, যার ভিত্তি হবে সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কার।”
তিনি জানান, আগামী মাসে ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান’-এর বার্ষিকীতে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে, যা শান্তিপূর্ণ রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরেও প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখানে সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























