প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:১৪ পিএম

সিলেট বিভাগে ধীরে ধীরে বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৭ জন, আর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ জন।
শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা বা ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে বর্তমানে করোনা আক্রান্ত ৭ জন ও একজন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করোনা পরিস্থিতি: বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৫টি নমুনা পরীক্ষা করা হলেও কোনো পজিটিভ রোগী পাওয়া যায়নি। তবে এর আগে ৭৩টি নমুনার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্তরা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন— যাদের মধ্যে ৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং বাকি ৩ জন যথাক্রমে নর্থ ইস্ট মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও আল-হারামাইন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, এ বছর এখন পর্যন্ত করোনা সংক্রমণে সিলেট বিভাগে কোনো মৃত্যু হয়নি।
ডেঙ্গুর চিত্র: এ বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত ২৪ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন, যার মধ্যে জুন মাসের প্রথম ২০ দিনেই আক্রান্ত হয়েছেন ৫ জন। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে হবিগঞ্জ জেলায়— মোট ৯ জন। এছাড়া সিলেট জেলায় ৭ জন, মৌলভীবাজারে ৬ জন এবং সুনামগঞ্জে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বেশিরভাগ ডেঙ্গু রোগীরই ঢাকা থেকে আগমনের ইতিহাস রয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত হলেও এখন পর্যন্ত এ বিভাগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























