প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:২৬ পিএম

সিলেট ও সুনামগঞ্জের চারটি সীমান্ত দিয়ে ফের পুশইনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করা হয়। তাদের মধ্যে রয়েছে ৩ শিশু, ১২ নারী ও ১৭ জন পুরুষ। শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা আগে থেকেই সতর্ক অবস্থানে থাকায় দ্রুত তাদের আটক করা সম্ভব হয়।
এর কিছুক্ষণ পর একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করা হয়। মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরাও তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন।
এছাড়া সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১২ জন এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৬ জন বাংলাদেশে পুশইন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটকদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগেও চলতি মে মাসে বেশ কয়েকবার এমন পুশইনের ঘটনা ঘটে। ১৪ ও ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে যথাক্রমে ১৬ ও ২১ জন এবং ২৫ মে বিয়ানীবাজার সীমান্ত দিয়ে আরও ৩২ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
বিজিবি বলছে, পুশইন ও সীমান্ত অপরাধ রোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com























