প্রকাশ: ১২ অগাস্ট ২০২৫, ০৫:৫১ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না পেয়ে এক যুবক দোকানির কান কামড়ে ছিঁড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দোকানির নাম আমানুজ্জামান (৪৫)।
ঘটনাটি ঘটেছে সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন (২০) স্থানীয় দোকানি আমানুজ্জামানের কাছে গিয়ে বাকিতে সিগারেট চান। তবে দোকানি পূর্বের বাকি পরিশোধ না হওয়ায় সিগারেট দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে সুমন প্রথমে হাঁসুয়া দিয়ে আঘাত করতে গেলে তা ব্যর্থ হয়। পরে তিনি হঠাৎ করে আমানুজ্জামানের ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন। আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতের বড় ভাই নাজমুল ইসলাম এ ঘটনায় মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দেন। তিনি জানান, শুধুমাত্র সিগারেট না দেওয়ায় তার ভাইকে এভাবে আহত করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























