প্রকাশ: ৩ জুন ২০২৫, ০৫:৩৯ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্পোরেশনের শ্রমিক-কর্মচারীরা ও তার সমর্থকরা। এতে গত ১৫ মে থেকে নগর ভবনভিত্তিক সকল নাগরিক সেবা কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে গুলিস্তানে অবস্থিত নগর ভবনের মূল ফটকে অবস্থান নেন ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ এবং ‘ঢাকাবাসী’র ব্যানারে সংগঠিত ইশরাকের অনুসারীরা। তারা ভবনের বিভিন্ন দপ্তরের সামনে তালা লাগিয়ে দেন এবং মূল ফটক অবরোধ করে রাখেন। এতে করে জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, কর সংক্রান্ত সেবা, পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
অবস্থানকারীরা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ ইত্যাদি স্লোগানে নগর ভবন প্রাঙ্গণ প্রকম্পিত করে তুলেছেন। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়েও এখনও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব না দেওয়াকে ‘গণরায় অস্বীকার’ হিসেবে দেখছেন তারা।
সকালে অবস্থান কর্মসূচির শুরু থেকেই নগর ভবনের সিঁড়িতে জড়ো হন বিক্ষুব্ধ কর্মচারীরা। তাদের একজন বলেন, “আমাদের দাবি একটাই— জনগণের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের শপথ নিতে দিতে হবে।”
এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানাতে বিকেল ৩টার দিকে নগর ভবনে আসার কথা রয়েছে ইশরাক হোসেনের।
দীর্ঘ সময় ধরে চলমান এ কর্মসূচির ফলে নাগরিক সেবা নিতে আসা বহু মানুষকে ব্যর্থ হয়ে ফিরে যেতে দেখা গেছে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, “নাগরিক সমস্যা নিয়ে আসছি, কিন্তু সেবা তো বন্ধ। বুঝতেই পারছি না কখন আবার কাজ শুরু হবে।”
উল্লেখ্য, চলমান এই অবস্থান ও আন্দোলনের কারণে রাজধানীর দক্ষিণ অংশে নগর সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























