প্রকাশ: ৩ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম

অর্থপাচারের অভিযোগে সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৩ মার্চ) দুপুরে সিআইডি তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
সিআইডি সূত্র জানায়, ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে, এবং সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ এবং সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করে।
সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি করার অভিযোগও রয়েছে। এছাড়া, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির গরু বাংলাদেশে বিক্রি করার অভিযোগও তাদের বিরুদ্ধে উঠেছে। সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে দেশের গরু/ছাগলকে বিদেশি গরু/ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে বিক্রির অভিযোগ রয়েছে।
এছাড়া, অনুমোদন ছাড়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর সরকারি খাল ভরাট ও দখল করে প্রতিষ্ঠানটি ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























