প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৩:২২ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছেন, টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতলে তিনি জাতীয় দল থেকে অবসর নিতে চান। ব্রাজিলের বিপক্ষে দাপুটে জয়ের পর এক সাক্ষাৎকারে মার্টিনেজ এই পরিকল্পনার কথা জানান। তবে তিনি প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দকে অন্যসব শিরোপার চেয়ে আলাদা বলেও মন্তব্য করেছেন।
ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয় দলের মধ্যে নতুন একটি বিশ্বাস তৈরি করেছে। এক বছর পরেই ২০২৬ বিশ্বকাপ, যেখানে মেসির উপস্থিতি ছাড়াও আর্জেন্টিনা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। এর ফলে দলটির বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের বিশ্বাস আরও শক্তিশালী হয়েছে।
সুপার ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলা মানেই ছিল উত্তেজনা ও টান টান লড়াই। তবে গত ম্যাচে মেসি ও লাউতারো মার্টিনেজ ছাড়া আর্জেন্টিনা ৪-১ গোলের দাপুটে জয় পেয়েছে, যা প্রমাণ করে যে তাদের শিরোপা ধরে রাখার সক্ষমতা রয়েছে।
২০২২ সালের মতো ২০২৬ সালে যদি আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারে, তবে তা হবে ঐতিহাসিক সাফল্য। এবং এসময়ই মার্টিনেজ জানিয়েছেন, টানা দ্বিতীয় শিরোপা জিতলে তিনি ফুটবলকেই বিদায় জানাতে চান। একটি ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যথেষ্ট হয়েছে, আর নয়, অবসরে চলে যাবো। টানা দুইবার বিশ্বকাপ জেতা সাধারণ বিষয় নয়। আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করতে জাতীয় দলকে বিদায় বলবো।”
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের অনুভূতি কেমন হবে, এই প্রশ্নে মার্টিনেজ বলেন, “২০২২ বিশ্বকাপের অনুভূতির মতো কিছুই হবে না। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। আমি জন্মের পর থেকে এটা দেখিনি। এখন সাত বছরের একটি বাচ্চাও জানে সে কী অনুভব করেছে। আপনি খুশি হবেন, উদযাপনও করবেন, কিন্তু আগের মতো অনুভূতি আর আসবে না।”
বিশ্বকাপ ফাইনালের আগে কি করেছিলেন, সে ব্যাপারেও খোলাশা করেন মার্টিনেজ। তিনি বলেন, “ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে আমি আমার বন্ধুদের সঙ্গে অল অফ ডিউটি খেলছিলাম। স্ন্যাকস খাওয়া থেকে শুরু করে টেকনিক্যাল ব্রিফিং শুরু হওয়া পর্যন্ত। তবে বিশ্বকাপ জয়ের পর একটা কঠিন সময় পার করতে হয়েছিল। কোলো মুয়ানির সেই শট ঠেকিয়ে দেয়ার পর প্রায় তিন মাস রাতে ঘুম আসতো না, যার জন্য মনোবিদের দ্বারস্থ হতে হয়েছিল।”
৩২ বছর বয়সি এই ফুটবলার এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ৫১টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ২টি কোপা আমেরিকা ও ১টি বিশ্বকাপ শিরোপা জিতেছেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























