প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত নির্মোহভাবে কাজ করছেন এবং একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ড. ইউনূসের মধ্যে ক্ষমতার কোন লোভ নেই, তিনি শুধুমাত্র দেশের জন্য কাজ করতে চান। তবে, তার মাধ্যমে যদি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়, তবে তা বিতর্কের সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন মান্না।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জনশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মান্না। তিনি আরও বলেন, ড. ইউনূসের কাজের মধ্যে ম্যাজিকের ছোঁয়া রয়েছে, যেমন রোজার মধ্যে দ্রব্যমূল্য কমে যাওয়াটা, ঈদযাত্রা সুন্দরভাবে সম্পন্ন হওয়া এবং বিদ্যুতের সুন্দর ব্যবস্থাপনা। তিনি বলেন, “ড. ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার।”
মান্না বলেন, মানুষ ইতোমধ্যে বুঝতে পারছে যে, ড. ইউনূসের মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই এবং তিনি দেশের কল্যাণের জন্য কাজ করছেন। তিনি আরো বলেন, “ড. ইউনূস যত দ্রুত সম্ভব ভোট দিয়ে চলে যেতে চান, তবে কিছু মানুষ তাকে ৫ বছর ক্ষমতায় রাখতে চাচ্ছে, কেন? তিনি ভালো কাজ করছেন, তাই তাকে ক্ষমতায় রাখতে চাইলে বিকল্প কিছু চিন্তা করা উচিত।”
রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে মান্না বলেন, “এটি নিয়ে বিতর্ক চলতে থাকুক। আমাদের ভিন্নমতকে গ্রহণ করতে হবে এবং কথা বলার সুযোগ দিতে হবে।” তিনি সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে একমত নন এবং সমাজতন্ত্রের প্রশ্নে তার দলের অবস্থানও স্পষ্ট করেছেন, যেখানে তারা সমাজতন্ত্রকে বর্তমান লক্ষ্যে উপযুক্ত মনে করছে না।
গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় এই সভায় অন্যান্য বক্তারাও বক্তব্য রাখেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























