প্রকাশ: ২ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম

ব্রিটিশ সরকার তাদের প্রধান ওয়েবসাইট GOV.UK-এর লোগোতে থাকা একটি “ফুল স্টপ” বা ডট পুনর্বিন্যাসে ৫ লাখ পাউন্ড (প্রায় ৭ কোটি টাকা) ব্যয় করেছে। শুধু তাই নয়, লোগোর ওই ডট ব্যবহারের নিয়মকানুন ব্যাখ্যা করতে প্রকাশ করা হয়েছে ১৫০ পৃষ্ঠার একটি বিশদ নির্দেশিকা— যা জাতীয় নিরাপত্তা কৌশলের থেকেও দীর্ঘ।
সরকারি কর্মচারীদের জন্য তৈরি করা এই নির্দেশিকায় জানানো হয়েছে, “GOV” ও “UK” শব্দের মাঝখানের ডটটি নিচ থেকে সরিয়ে মাঝখানে এবং ওপরে স্থানান্তর করা হয়েছে। এটি কেবল একটি ডিজাইন পরিবর্তন নয়; বরং এর পেছনে রয়েছে একধরনের দর্শন।
নির্দেশিকায় বলা হয়েছে, “এই ডট সরকার এবং জনগণের মধ্যে একধরনের সেতুবন্ধ হিসেবে কাজ করবে, যা ব্যবহারকারীদের আরও কার্যকরভাবে সরকারি সেবা গ্রহণে সহায়তা করবে।”
ডটটি ভিন্ন ভিন্ন সরকারি পরিষেবার ডিজাইনে ব্যবহার করা হবে, যেমন: কর পরিশোধ, ছাত্র ঋণ ব্যালেন্স যাচাই, বা নতুন GOV.UK অ্যাপ ও ওয়ালেটে। নির্দেশিকায় এমনকি এটি পিগিব্যাঙ্কে মুদ্রা ফেলা বা ভোট দেওয়ার নিয়ম দেখানো-এর মতো কাজে গ্রাফিক উপাদান হিসেবে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারের এই ব্যয়কে “অপচয়” হিসেবে আখ্যা দিয়েছেন অনেকেই। রিফর্ম ইউকে দলের সরকারি দক্ষতা বিভাগের প্রধান জিয়া ইউসুফ বলেন,
“৫ লাখ পাউন্ড খরচ করে একটি ডট পরিবর্তন করাকে করদাতাদের অর্থের প্রতি চরম অবহেলা বলা যায়। এটা যেন রীতিমতো ঠাট্টা।”
তিনি আরও জানান, এই অর্থ ৪৩টি গড় ব্রিটিশ পরিবারের এক বছরের কর প্রদানের সমান।
এই নির্দেশিকা ১৫০ পৃষ্ঠার, যেখানে ব্রিটেনের সাম্প্রতিক কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা ১৪৪ পৃষ্ঠা, এবং জাতীয় নিরাপত্তা কৌশল মাত্র ৫৫ পৃষ্ঠা। ফলে, একটি ডট কীভাবে ব্যবহার করতে হবে তার নির্দেশনাই দেশের নিরাপত্তা পরিকল্পনার চেয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
সরকার বলছে, লোগোর এই পরিবর্তনের মাধ্যমে ডিজিটাল অভিজ্ঞতা আরও সুসংগঠিত ও মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। তবে সমালোচকরা বলছেন, এই ধরনের ব্যয় সংকটাপন্ন অর্থনীতি ও স্বাস্থ্যখাতে চাপে থাকা একটি দেশের জন্য একেবারেই অপ্রয়োজনীয় এবং করদাতাদের প্রতি অবিচার।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























