প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০২:৪৮ পিএম

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে তারা হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছে।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সম্প্রতি এক প্রেস বিবৃতি প্রকাশ করে জানায়, এই বর্বর হামলার পেছনে যারা জড়িত, অর্থায়ন করেছে কিংবা সহায়তা দিয়েছে, তাদের প্রত্যেককে জবাবদিহির মুখোমুখি করা জরুরি। এই বিবৃতিতে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী অন্যান্য রাষ্ট্রগুলোর সহায়তার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগামে অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অন্তত ২৬ জন প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন। নিহতদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি পর্যটক।
নিরাপত্তা পরিষদের সদস্যরা হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছে। একই সঙ্গে ভারত ও নেপাল সরকার এবং দেশ দুটির জনগণের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ায় এই প্রেস বিবৃতিতে তার সম্মতিও প্রয়োজন ছিল।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























