প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ এএম

গাজায় শিশু হাসপাতালেও ইসরায়েলি হামলা, প্রাণ হারালেন আরও ৩২ জন
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতভর চালানো আক্রমণে এখন পর্যন্ত অন্তত ৩২ জন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে, কারণ উদ্ধার কার্যক্রমের জন্য ব্যবহৃত যন্ত্রপাতিও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান মঙ্গলবার গাজার বিভিন্ন অঞ্চলে বোমাবর্ষণ করে। শহরের আল-দুররা শিশু হাসপাতালে হামলা চালানো হয়, যেখানে সরাসরি আইসিইউ লক্ষ্য করে গোলা বর্ষণের অভিযোগ উঠেছে। হাসপাতালটির সৌর বিদ্যুৎ ব্যবস্থাও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
পশ্চিম গাজা সিটিতে একটি পরিবারের বাসায় বিমান হামলায় সাতজন নিহত হন, যাদের সবাই একই পরিবারের সদস্য। এ ছাড়া নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় আরও তিনজন বেসামরিক নাগরিক, যার মধ্যে দুটি শিশু ছিল, নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সহিংসতা ও আগ্রাসনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১,২৬৬ জনে, আর আহত হয়েছেন ১,১৬,৯৯১ জন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজ্জারিনি জানিয়েছেন, গাজার দুই মিলিয়নের বেশি মানুষ এখন দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। খাদ্য, ওষুধ ও জরুরি সরঞ্জামের মারাত্মক সংকটে ভুগছে গাজা। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলি বাহিনী ইউএন সাহায্যবাহী প্রায় ৩,০০০ ট্রাক গাজায় প্রবেশ করতে দিচ্ছে না।
জাতিসংঘ আরও জানিয়েছে, ইসরায়েলের চলমান অভিযানে গাজার ৮৫ শতাংশ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং মোট অবকাঠামোর ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























