প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পিএম

সিলেটে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ, ০৯ এপ্রিল, বুধবার একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এ সভায় বাংলা নববর্ষের নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, সিলেটের জাতীয় অনুষ্ঠান সূচির সাথে মিল রেখে ১৪ এপ্রিল সার্কিট হাউজ থেকে সকাল ৮টায় আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ গান পরিবেশনের পর বৈশাখী শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি নাগরি চত্ত্বর, বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও রিকাবিবাজার পয়েন্ট হয়ে শহর প্রদক্ষিণ করবে এবং ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হবে। সকাল ৯টায় ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়া, হস্ত ও বস্ত্র শিল্প মেলা, নববর্ষ মেলা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, বাংলা নববর্ষের অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলির সহায়তায় সকল জাতি গোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি সকলকে শোভাযাত্রায় অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানান।
নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসক বলেন, বৈশাখী অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি আরও বলেন, নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার কোথাও যেন জুয়া বা অশ্লীল কিছু না ঘটে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার দেবাশীষ দাশ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আমীর হোসাইন খান, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম-উপপরিচালক দিলীপ কুমার সাহা, কৃষি সম্প্রশাসন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবল সরকার, বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক মো. দেলওয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, জেলা ক্রীড়া বিষয়ক মো. নূর হোসেন প্রমুখ।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























