প্রকাশ: ৭ মে ২০২৫, ০৪:৫০ পিএম

সিলেটে ব্যতিক্রমী এক আদেশে জামিন পেয়েছেন এক আসামি। তাকে ৫০টি গাছ রোপণ ও পরিচর্যা, নিয়মিত নামাজ আদায়, শুক্রবার মসজিদ পরিষ্কার, ১০টি সুরা অর্থসহ মুখস্থ এবং রাসূল (সা.)-এর জীবনী পাঠ করার শর্তে জামিন দিয়েছেন আদালত।
সোমবার সিলেটের চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। জামিনের শর্তসমূহ লিখিতভাবে একটি বন্ডে অন্তর্ভুক্ত করা হয়, যাতে আসামি সাদ্দাম হোসেন স্বাক্ষর করেন। বিষয়টি আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু নিশ্চিত করেছেন।
সাদ্দাম হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিসমত রসুলপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে থাকেন।
জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি খুশি। খারাপ বন্ধুদের কারণে পথভ্রষ্ট হয়েছিলাম, এখন থেকে ভালো পথে চলতে চাই।”
আদালতের শর্ত অনুযায়ী, এক বছর তাকে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে থাকতে হবে এবং কোনো অপরাধে জড়ানো যাবে না। তাকে পরিবারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং প্রবেশন কর্মকর্তার অনুমতি ছাড়া পেশা বা বাসস্থান পরিবর্তন করা যাবে না। মাদক সেবন, বিক্রয় বা সংশ্লিষ্টদের সঙ্গে সম্পর্ক রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























