প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:০০ পিএম

রাঙামাটির কাউখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন পাঁচজন। শনিবার (২৬ এপ্রিল) সকালে বেতবুনিয়া এলাকার রাবার বাগান সংলগ্ন রাঙামাটি-চট্টগ্রাম সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা ও বিপরীতমুখী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরীপাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেকের নূন নাহার এবং হাটহাজারীর ঈসাপুর এলাকার মাহমুদুর রহমান। বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।
একজন গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইসহাক বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























