প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ এএম

কক্সবাজারে নিখোঁজ ৬ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে পুলিশ
কক্সবাজারে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয় রাজমিস্ত্রীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ এলাকার একটি স্থাপনা থেকে তাদের উদ্ধার করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শ্রমিকদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। উদ্ধারকৃতরা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন এবং বর্তমানে তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন—সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) এবং আব্দুল জলিল (৫৫)। তারা সবাই রাজমিস্ত্রীর পেশায় নিয়োজিত।
জানা গেছে, গত ১৫ এপ্রিল তারা কাজের সন্ধানে কক্সবাজার রওনা দেন এবং পরদিন ১৬ এপ্রিল সর্বশেষ পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। এরপর থেকে তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগে ছিলেন এবং স্থানীয় প্রশাসনের সহায়তা চান।
নিখোঁজ শ্রমিকদের একজন এমাদ উদ্দিনের চাচাতো ভাই আব্দুল বাছিত দুলাল জানান, “১৬ এপ্রিল সন্ধ্যায় এমাদ ফোন করে জানায় তারা নিরাপদে পৌঁছেছে। এরপর আর যোগাযোগ হয়নি। আমরা ভেবেছিলাম, তারা হয়তো বিপদে পড়েছে।”
পুলিশ জানায়, উদ্ধার সংক্রান্ত বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























