প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৬:২৫ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলা ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী যেন দেশের ফুটবলপ্রেমীদের মাঝে নতুন এক স্বপ্নের সঞ্চার করেছেন। তাঁর পারফরম্যান্স, ব্যক্তিত্ব ও মাঠের নিষ্ঠা যেন দীর্ঘদিনের নিস্তেজ ফুটবলকে নতুন করে জাগিয়ে তুলেছে। তাঁর পথ ধরে আরও দুই প্রবাসী—ফাহামিদুল ইসলাম ও শমিত সোমও জাতীয় দলে অভিষেক ঘটিয়েছেন।
ঢাকায় অনুষ্ঠিত এএফসি বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পরদিনই হামজা ইংল্যান্ডে ফিরে গেছেন। তবে এবার তাঁর ঠিকানা বদলাচ্ছে। ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ধারের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে ফিরতে হচ্ছে মূল ক্লাব লেস্টার সিটিতে, যেখানকার সঙ্গে তাঁর এখনও দুই বছরের চুক্তি রয়েছে। যদিও গুঞ্জন রয়েছে, ইউরোপের অন্যতম সফল ক্লাব গ্রিসের অলিম্পিয়াকোস তাঁকে দলে নিতে আগ্রহী।
শেফিল্ড ইউনাইটেডে থাকাকালীন হামজা ছিলেন ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগী ফুটবলারের একজন। গবেষণা প্রতিষ্ঠান ক্যাপোলজির তথ্যমতে, তাঁর সাপ্তাহিক বেতন ছিল ৪১ হাজার ৪৭৩ ইউরো (প্রায় ৫৭.৮২ লাখ টাকা)। দৈনিক আয়ে এটি দাঁড়ায় প্রায় ৮.২৬ লাখ টাকা। জানুয়ারি থেকে মে পর্যন্ত মাত্র ১২৪ দিনে তাঁর আয় দাঁড়ায় প্রায় ১০ কোটি ২৫ লাখ টাকা।
এর আগে লেস্টার সিটিতে থাকাকালীন হামজার সাপ্তাহিক বেতন ছিল মাত্র ১৭ হাজার ৭৭৪ ইউরো—শেফিল্ডে পাওয়া পারিশ্রমিকের অর্ধেকেরও কম। এখন প্রশ্ন উঠেছে, তিনি লেস্টারে ফিরে গিয়ে আগের বেতনেই থাকবেন, নাকি তা বাড়বে।
শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার হামজাকে নিয়মিত খেলিয়েছেন, যদিও তাঁর পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ড নয়, বরং রাইট-ব্যাক পজিশনে। কিন্তু লেস্টারে কোচ রুড ফন নিস্টলরয়ের অধীনে তাঁর খেলার সুযোগ ছিল খুবই সীমিত।
বর্তমানে হামজার ভবিষ্যৎ নিয়ে দ্বিধা রয়ে গেছে। তাঁর বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী জানিয়েছেন, হামজা নিজেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
এদিকে গ্রিসের অলিম্পিয়াকোসের কোচ হোসে লুইস মেন্দিলিবার হামজার খেলার ধরনে সন্তুষ্ট এবং তাঁকে দলে নিতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির সাংবাদিক জর্জ সানাকাস। অলিম্পিয়াকোস ২০২৪–২৫ মৌসুমে গ্রিক সুপার লিগের শিরোপা জেতায় সরাসরি উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলবে। ফলে সেখানে নাম লেখালে হামজার প্রথমবার ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ তৈরি হবে।
তবে তাঁকে লেস্টার সিটি কত দামে ছাড়বে, সেটি এখনই বলা যাচ্ছে না। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বর্তমানে হামজার বাজারমূল্য ৪৫ লাখ ইউরো (প্রায় ৬২ কোটি ৯০ লাখ টাকা)।
বাংলাদেশের হয়ে খেলার পর আন্তর্জাতিক ফুটবলে হামজার নতুন এই সম্ভাব্য যাত্রা শুধু তাঁর ক্যারিয়ারই নয়, দেশের ফুটবলের ভবিষ্যতকেও আলোকিত করার সম্ভাবনা তৈরি করছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























