প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৪০ এএম

“মার্চ ফর গাজা” কর্মসূচি হোক মুসলমানদের ঐক্যের প্রতীক: ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি
গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর চলমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানীতে আয়োজিত “মার্চ ফর গাজা” কর্মসূচিকে মুসলমানদের ঐক্যের বার্তা হিসেবে আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
তিনি বলেন, শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে দেশের বিভিন্ন ইসলামি রাজনৈতিক দল, আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের একত্রিত হওয়ার ঘোষণা এসেছে, যা একটি বৃহৎ সংহতির উদাহরণ হতে চলেছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি ও সংহতির সবচেয়ে বড় জমায়েত অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
একই বক্তব্যে তিনি বাংলাদেশের সংবিধানের “প্রজাতন্ত্র” শব্দ নিয়ে তাঁর দলের অবস্থান তুলে ধরে বলেন, “প্রজাতন্ত্র” শব্দটি নাগরিকদের মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এর পরিবর্তে “জনকল্যাণ” বা “পিপলস ওয়েলফেয়ার” শব্দ ব্যবহারের প্রস্তাব ইসলামী আন্দোলন জাতীয় ঐকমত্য কমিশনে উপস্থাপন করেছে, যা ইতোমধ্যে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশেও অন্তর্ভুক্ত হয়েছে। তবে কিছু মহল এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১১ এপ্রিল) সিলেট নগরীর সুরমা টাওয়ারস্থ দলীয় কার্যালয়ে কোতোয়ালি থানা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা সভাপতি মাওলানা জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান। বক্তব্য রাখেন কোতোয়ালি থানা সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো. ইয়াসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জুবায়েল আহমদ এবং প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























