প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দলের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি দলটির নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন— হতাশ হওয়ার কিছু নেই, আইনি প্রক্রিয়ায় শিগগিরই সমাধান আসবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়েও আশা প্রকাশ করেন, চলতি মাসেই এ ব্যাপারে সুরাহা হবে।
যদিও এখন পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে প্রায় সব রাজনৈতিক দলই প্রস্তুতি নিতে শুরু করেছে। জামায়াতও পিছিয়ে নেই— তারা ইতোমধ্যে প্রায় ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে। কিন্তু নিবন্ধন না থাকায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।
শিশির মনির বলেন, “আইনি প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও হতাশ হওয়ার কারণ নেই। আমরা আশা করছি, খুব শিগগিরই আদালত থেকে ইতিবাচক রায় আসবে এবং জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরত পাওয়া যাবে।”
তিনি আরও বলেন, “গত বছর আগস্টের পর অনেক রাজনৈতিক নেতাই আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন। অথচ এটিএম আজহার এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তার মুক্তির বিষয়ে সব আইনি কার্যক্রম শেষ হয়েছে, এখন শুধু শুনানির অপেক্ষা।”
শীর্ষ আদালতের কার্যক্রম নিয়েও তথ্য দেন শিশির মনির। তিনি জানান, আগামী ২০ এপ্রিল (রোববার) থেকে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম শুরু হবে। তবে ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন। এরপরই নিবন্ধন ও মুক্তির দুই মামলার চূড়ান্ত শুনানি ও রায় হতে পারে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























