প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৩:৩৪ পিএম

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল, বুধবার। বেলা সাড়ে ৬টায় বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে আরবি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা। এই সভায় জিলহজ মাসের চাঁদ দেখা নিশ্চিত করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা মঙ্গলবার (২৭ মে) জানিয়েছে, সভাটি হবে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররমে। সভার সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
দেশের আকাশে যদি কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তাহলে তা নিম্নলিখিত ফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
ফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭
ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১
আসন্ন ঈদুল আজহার জন্য সরকার পূর্বে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল (৬ দিন)। তবে অফিস খোলার দুই দিন যুক্ত করে সরকার টানা ১০ দিনের ছুটির ঘোষণা দিয়েছে।
সরকার ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে, যার বিনিময়ে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখার নির্দেশ দেয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে কর্মজীবীরা পাবেন ১০ দিনের টানা বিশ্রাম।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























