প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম

যুক্তরাজ্যের হাউস অব কমন্স-এর জুবিলি কক্ষে বাংলাদেশের স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী ও দোলযাত্রা উৎসব উদযাপন করা হয়েছে। কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্রিটিশ রাজনীতিক, সংসদ সদস্য এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টি-এর চেয়ারম্যান কেভিন হলিনরেক প্রধান বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কো-চেয়ার মেহফুজ আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন চেয়ার আনজান্নেরা হক।
বক্তব্যে কেভিন হলিনরেক ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং তাদের আরও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
ঈদ উপলক্ষে মুসলিম সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ওয়েন্ডি মর্টন, ডেভিড সিমন্ডস, হ্যারিয়েট বল্ডউইন, জ্যাক র্যাঙ্কিন এবং আয়োজক বব ব্ল্যাকম্যান।
বক্তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ-বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করেন।
এছাড়া বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে এবং দুই দেশের সুসম্পর্ক আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটি নেতা ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com























