প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম

দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথএন্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ছোট আকারের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে গেছে। এসেক্স পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাতিল করা হয়েছে সকল নির্ধারিত ফ্লাইট।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার বিকেল ৪টার দিকে সাউথএন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে জরুরি সেবা সংস্থাগুলো।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানটি সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে এবং বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তেই আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়।
এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। এরপর সাউথএন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। অতিরিক্ত সহায়তার জন্য বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় বিশেষ অফ-রোড যানবাহন।
পুলিশ সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দেয় এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানায়।
দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কতজন আরোহী ছিলেন বা কেউ আহত কিংবা নিহত হয়েছেন কিনা—এসেক্স পুলিশ এখনও সে বিষয়ে কিছু জানায়নি। একইভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানায়, দুর্ঘটনার পরপরই পুলিশ, জরুরি সেবা কর্মী এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পূর্বঘোষিত সব ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাউথেন্ড সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ লিখেছেন, “সাউথএন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে—এটি নিশ্চিত। এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট সবাই ও জরুরি সেবাকর্মীদের প্রতি আমার সমবেদনা রইল।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com























