আন্তর্জাতিক

যুক্তরাজ্যে বাড়ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের সংখ্যা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৬:০৫ পিএম

যুক্তরাজ্যে বাড়ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের সংখ্যা

যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূতদের সংখ্যা ক্রমেই বাড়ছে। অভ্যন্তরীণ স্থানান্তরের পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসনও এই বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ONS) সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

২০২২ সালের মাঝামাঝি সময়ের তথ্যের ভিত্তিতে করা পূর্বাভাস অনুযায়ী, ২০৩২ সালের মধ্যে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে জনসংখ্যা ২০.৩৮ শতাংশ বাড়তে পারে। সেখানে বর্তমানে প্রায় ৩৩ শতাংশ মানুষ বাংলাদেশি বংশোদ্ভূত। ২০২২ সালে যেখানে জনসংখ্যা ছিল প্রায় ৩ লাখ ২৩ হাজার, তা ২০৩২ সালে প্রায় ৩ লাখ ৯০ হাজারে পৌঁছাতে পারে।

টাওয়ার হ্যামলেটস ছাড়াও লন্ডনের আরও কয়েকটি বাংলাদেশি অধ্যুষিত এলাকায় জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইসলিংটনের জনসংখ্যা ২০৩২ সালের মধ্যে ১৩.১ শতাংশ বেড়ে ২ লাখ ৪৯ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে বর্তমানে বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দার সংখ্যা প্রায় ২.৮ শতাংশ।

একইভাবে ক্যামডেনেও জনসংখ্যা প্রায় ১৩ শতাংশ বাড়তে পারে। ২০২১ সালের তথ্য অনুযায়ী, সেখানেও ২.৮ শতাংশ বাংলাদেশি বংশোদ্ভূত বসবাস করেন।

বাংলাদেশি বংশোদ্ভূতদের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হলো তুলনামূলকভাবে বেশি জন্মহার এবং আন্তর্জাতিক অভিবাসন। যদিও ওএনএস নির্দিষ্ট করে বাংলাদেশি মায়েদের জন্মহার নিয়মিতভাবে প্রকাশ করে না, তথাপি ২০২২ সালে যুক্তরাজ্যে জন্ম নেওয়া ৭,০০৭ শিশুর মা ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। এই হিসেবে বাংলাদেশি মায়েদের অবস্থান ছিল ষষ্ঠ, এবং এটি অন্য অনেক গোষ্ঠীর তুলনায় বেশি জন্মহারের ইঙ্গিত দেয়।

২০০১ সালের আদমশুমারিতে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতের সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৮৩ হাজার। ২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজারে, অর্থাৎ দুই দশকে তা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ইতালি থেকে আসা বাংলাদেশিরাও যুক্তরাজ্যের বাংলাদেশি জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন। ২০১৮ সালের একটি বিশ্লেষণে বলা হয়েছিল, আগের পাঁচ বছরে প্রায় ৫০ হাজার বাংলাদেশি ইউরোপের দেশগুলো থেকে যুক্তরাজ্যে এসে বসতি গড়েছেন, যার মধ্যে ৩০ হাজারের মতো এসেছেন ইতালি থেকে।

এরা মূলত ইউরোপিয়ান ইউনিয়নের ‘সেটেলমেন্ট স্কিম’-এর আওতায় যুক্তরাজ্যে বসতি গড়েছেন। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৮৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে এই স্কিমে, যার মধ্যে ৪১ লাখকে ‘সেটলড’ এবং ২৯ লাখকে ‘প্রি-সেটলড’ স্ট্যাটাস দেওয়া হয়েছে। যদিও এই পরিসংখ্যানে জাতিগত তথ্য নেই, ধারণা করা হয় যে অনেক বাংলাদেশি বংশোদ্ভূতই এর অন্তর্ভুক্ত।

ওএনএস জানায়, ইংল্যান্ডের বেশিরভাগ অংশে অভ্যন্তরীণ স্থানান্তর জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ হলেও, লন্ডনের মতো বড় শহরগুলোতে আন্তর্জাতিক অভিবাসনই মুখ্য ভূমিকা রাখছে। টাওয়ার হ্যামলেটস এর একটি উদাহরণ, যেখানে জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ বিদেশ থেকে আগতদের কারণে ঘটছে।

অন্যদিকে, লন্ডনে তরুণদের সংখ্যা কমতে থাকায় কিছু এলাকায় শিক্ষার্থী সংকটে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যেমন, ইসলিংটনে ২টি, ল্যাম্বেথে ৪টি এবং হ্যাকনিতে ৬টি স্কুল বন্ধ হয়েছে। এর বিপরীতে, টাওয়ার হ্যামলেটস, ক্যামডেন ও ইসলিংটনের মতো বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রাপ্তবয়স্ক এবং পরিবার-ভিত্তিক পরিষেবার চাহিদা বাড়ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ সেবা চালু

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ সেবা চালু

যুক্তরাজ্যে কঠোর হচ্ছে অভিবাসন আইন, দুশ্চিন্তায় অবৈধ পরিচর্যাকর্মীরা

যুক্তরাজ্যে কঠোর হচ্ছে অভিবাসন আইন, দুশ্চিন্তায় অবৈধ পরিচর্যাকর্মীরা

যুক্তরাজ্যে ভিসাবিহীন প্রবেশ ঠেকাতে বিমান সংস্থার কর্মীদের প্রশিক্ষণ

যুক্তরাজ্যে ভিসাবিহীন প্রবেশ ঠেকাতে বিমান সংস্থার কর্মীদের প্রশিক্ষণ

৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার

৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন