প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৫:২৫ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে লন্ডনে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১১ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
সফরের এদিন ড. ইউনূসের ব্যস্ত কর্মসূচির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, নীতি সংলাপ এবং একটি রাজকীয় নৈশভোজে অংশগ্রহণ।
সকাল ১০টা ১৫ মিনিটে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লন্ডনের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ড. চিয়েটিজ বাজপাই।
পরে সকাল ১১টায় চ্যাথাম হাউসে আয়োজিত এক নীতি সংলাপে প্রধান বক্তা হিসেবে অংশ নেন ড. ইউনূস। সেখানে ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংলাপ শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে চ্যাথাম হাউস তার সম্মানে এক অভ্যর্থনার আয়োজন করে।
দিনের শেষাংশে, সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ড. ইউনূস সেন্ট জেমস প্যালেসে রাজা তৃতীয় চার্লস আয়োজিত এক রাজকীয় নৈশভোজে অংশ নেন। “দ্য কিংস ফাউন্ডেশন”-এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে রাজা চার্লস নিজেও উপস্থিত থাকবেন এবং ড. ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ হবে।
প্রসঙ্গত, সামাজিক ব্যবসা, পরিবেশ সংরক্ষণ ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ড. ইউনূস ও রাজা চার্লস অতীতেও একাধিকবার আন্তর্জাতিক পরিসরে একত্রে কাজ করেছেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























