প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৫:৪০ পিএম

লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যালয়ে আয়োজিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন ক্লাবের সদস্যরা। দাবা, ক্যারম এবং লুডু—এই তিনটি খেলায় প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন।
দাবা প্রতিযোগিতায় চ্যানেল এস-এর বার্মিংহাম প্রতিনিধি মোঃ আতিকুর রহমান চ্যাম্পিয়ন হন, এবং রানার-আপ হন মোহাম্মাদ শামিম আহমেদ। ক্যারমে ১৬ জন প্রতিযোগীকে ৮টি গ্রুপে ভাগ করে নক আউট পদ্ধতিতে খেলা হয়, যার মধ্যে পুনরায় চ্যানেল এস-এর আতিকুর রহমান চ্যাম্পিয়ন হন, যা আগেরবারও তার অর্জন ছিল। লুডু খেলায় ৮ জন অংশগ্রহণ করেন, এবং জান্নাতুল ফিরদৌস তুলি পরপর ছক্কা মেরে চ্যাম্পিয়ন হন। রানার-আপ হন মোঃ বদরুজ্জামান বাবুল।
দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বাংলাদেশ জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব, ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবু মুসা হাসান, সভাপতি মাহমুদ মাজেদ, ট্রেজারার সালেহ আহমদ, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল।
এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, ভাইস চেয়ারম্যান মিছবাহ জামাল, আজীবন সদস্য মানিক মিয়া, জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান ও নির্বাহী সদস্য মতিউর রহমান খোকন।
এই ইভেন্টটি সফলভাবে আয়োজন করতে সহায়তা করেছেন ক্লাবের এসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, প্রথম নির্বাহী সদস্য সাহিদুর রহমান সুহেল, এবং নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ।
প্রধান অতিথি গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব তার বক্তব্যে বলেন, “বাংলাদেশেও সাংবাদিকরা দাবাকে গুরুত্ব সহকারে প্রচার করেন, এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিকরা এই ধারাবাহিকতা বজায় রাখছেন দেখে ভালো লাগছে।”
প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, “সবার সহযোগিতায় আমরা একটি আনন্দঘন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে সক্ষম হয়েছি। সকলকে ধন্যবাদ জানাই, যারা এই ইভেন্টে অংশগ্রহণ এবং সহযোগিতা করেছেন।”
সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, “খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং ক্লাবের সদস্যদের এনগেজ করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন ঘোষণা করে যে, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা সংগঠনের বার্ষিক সদস্য ফি ২০ পাউন্ডের পরিবর্তে ১০ পাউন্ড ফি দিয়ে সদস্যপদ গ্রহণ করতে পারবেন। সাংবাদিক মিছবাহ জামাল সানরাইজ ও স্পেকট্রাম বাংলা রেডিও থেকে পরবর্তী টুর্নামেন্টের জন্য ৫০০ পাউন্ড স্পনসর করার ঘোষণা দেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























