প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৫:১০ পিএম

যুক্তরাজ্য সরকার তাদের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে, যা ‘ইনডেফিনিট লিভ টু রিমেইন’ (ILR) ও স্পাউস ভিসার নিয়মে সরাসরি প্রভাব ফেলবে। ১২ মে প্রকাশিত হালনাগাদ নীতিমালার ফলে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করা আগের চেয়ে কঠিন হয়ে পড়বে, যা বাংলাদেশি কমিউনিটিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আইএলআর-এর ক্ষেত্রে পরিবর্তন
নতুন নীতিমালায় ILR পাওয়ার জন্য আর্থিক ও ভাষাগত যোগ্যতার শর্ত আরও কঠোর করা হয়েছে। এখন আগের তুলনায় অনেক বেশি আয় প্রমাণ করতে হবে এবং ইংরেজি ভাষায় উন্নত দক্ষতা দেখাতে হবে। এছাড়া, ‘অবিচ্ছিন্ন বসবাস’ অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কতদিন যুক্তরাজ্যের বাইরে থাকা যাবে—তাও সীমিত করা হয়েছে।
কারা প্রভাবিত হবেন?
এই পরিবর্তনের প্রভাব পড়বে:
দক্ষ কর্মী ভিসাধারীরা, যারা চাকরির ভিত্তিতে যুক্তরাজ্যে রয়েছেন।
পরিবারভিত্তিক ভিসাধারীরা, বিশেষ করে যারা স্পাউস ভিসায় আছেন।
দীর্ঘমেয়াদি বাসিন্দারা, যারা ১০ বছর বা তার বেশি সময় ধরে যুক্তরাজ্যে আছেন।
স্পাউস ভিসায় কঠোরতা
স্পাউস ভিসার ক্ষেত্রেও অর্থনৈতিক যোগ্যতার সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ফলে যুক্তরাজ্যের নাগরিক বা স্থায়ী বাসিন্দারা তাদের বিদেশি জীবনসঙ্গীদের ভিসা স্পনসর করতে গেলে বাড়তি আয়ের প্রমাণ দিতে হবে। যারা বর্তমানে এই ভিসায় আছেন, তাদের নবায়নের সময় নতুন শর্ত পূরণ করতে হবে।
বর্তমান অভিবাসীদের অনিশ্চয়তা
যারা ইতোমধ্যে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার বলেছে, কিছু সাময়িক ব্যবস্থা নেওয়া হবে, তবে বিস্তারিত এখনও প্রকাশ পায়নি। ধারণা করা হচ্ছে, ILR বা ভিসা নবায়নের সময় সবাইকে নতুন নীতিমালার আওতায় আসতে হবে।
বিশেষজ্ঞের মত
বাংলাদেশি কমিউনিটির আইনজীবী ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন জানান, “নতুন শর্তগুলো নিঃসন্দেহে বাংলাদেশি অভিবাসীদের ওপর বিরূপ প্রভাব ফেলবে। সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন বৈধ অভিবাসীদের জন্য শর্ত কঠোর করছে।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























