প্রকাশ: ১২ মে ২০২৫, ০৫:০১ পিএম

দীর্ঘদিনের উত্তেজনার পর এবার সরাসরি আলোচনায় বসছে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। সোমবার (১২ মে) দুপুর ১২টায় দুই দেশের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে—ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) পর্যায়ে—এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, আলোচনার উদ্যোগ হিসেবে রোববার ভারতীয় সেনাবাহিনী একটি ‘হটলাইন’ বার্তা পাঠায় পাকিস্তানি সেনাদের উদ্দেশে। এরই ধারাবাহিকতায় সোমবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জীব শ্রীবাস্তব বলেছেন, “এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দু’দেশের মধ্যে যুদ্ধবিরতির যে সমঝোতা হয়েছে, সেটি কীভাবে টিকিয়ে রাখা যায় এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব কিনা—এই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে।”
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেলে দুই দেশের সামরিক বাহিনী যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার ফের আলোচনায় বসছে তারা। সূত্র জানায়, শনিবারের আলোচনায় মূলত সীমান্তে গোলাগুলি ও পাল্টা হামলা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে সোমবারের বৈঠকে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।
এদিকে, নিয়ন্ত্রণরেখায় (LoC) সম্প্রতি সংঘর্ষের ধারাবাহিকতার বিপরীতে রোববার রাতে কোনো ধরনের গোলাগুলি বা উত্তেজনার খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীরসহ আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা এলাকাগুলো ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ—যা গত কয়েক দিনের মধ্যে প্রথমবারের মতো সংঘর্ষহীন রাত হিসেবে বিবেচিত হচ্ছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com























