প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ এএম

৫ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র দিয়ে ৩০ মিলিয়নের মার্কিন ড্রোন ভূপাতিত করছে হুতিরা
ইয়েমেনে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে হুতি গোষ্ঠীর প্রতিরোধ দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। সম্প্রতি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের হাজ্জাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে তারা। ড্রোনটির মূল্য ধরা হয় প্রায় ৩০ মিলিয়ন ডলার, আর হুতিদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মূল্য ছিল মাত্র ৫ লাখ ডলারের নিচে।
হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এপ্রিল মাসেই তারা সাতটি মার্কিন ড্রোন ধ্বংস করেছে। গাজায় ইসরায়েলের অভিযানের পর থেকে এ পর্যন্ত তারা মোট ২২টি এমকিউ-৯ ড্রোন নামিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তি ও সামরিক ক্ষমতা ইয়েমেনে কার্যত ব্যর্থ হয়েছে। হুতিদের হাতে থাকা স্কাড সিরিজের ক্ষেপণাস্ত্র, উত্তর কোরিয়ান প্রযুক্তিনির্ভর ব্যালিস্টিক মিসাইল, এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নানা ধরনের অস্ত্রই এর প্রধান কারণ। এই অস্ত্রগুলোর বেশিরভাগই তুলনামূলকভাবে সস্তা হলেও কার্যক্ষমতায় অত্যন্ত শক্তিশালী।
তাদের প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র একের পর এক বিমান হামলা চালিয়ে গেলেও, হুতিদের সামরিক সক্ষমতা ও মনোবলে কোনো ভাটা পড়েনি। বরং, তারা জানিয়েছে যে তাদের এই প্রতিরোধ চলবে যতক্ষণ না গাজায় ইসরায়েল তার অভিযান বন্ধ করে।
যুক্তরাষ্ট্রের দাবি, তারা হুতিদের মাধ্যমে লোহিত সাগর অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যের রুটকে নিরাপদ রাখতে চায়। তবে হুতিরা এটিকে ফিলিস্তিনের প্রতি সংহতির অংশ হিসেবে উপস্থাপন করছে। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা ইসরায়েল ও তার মিত্রদের জাহাজে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে।
ইতোমধ্যে হুতিদের আক্রমণের ফলে অনেক বাণিজ্যিক জাহাজ সুয়েজ খাল এড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিকল্প পথে যাত্রা করছে, যা বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























