প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম

শ্রীবরদীতে দীর্ঘ প্রতীক্ষার অবসান: চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিট
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে চালু হলো বহু কাঙ্ক্ষিত ডেন্টাল ইউনিট। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই ইউনিটটির কারণে উপজেলার সাধারণ মানুষ দাঁতের সমস্যায় ভুগলেও তেমন কোনো সরকারি চিকিৎসা সুবিধা পাচ্ছিল না। অবহেলিত এই সেবাখাতটি নতুন করে চালুর মাধ্যমে এলাকাবাসীর মাঝে ফিরে এসেছে স্বস্তি ও আশা।
২০২৪ সালের নভেম্বর মাসে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন ডা. এস এস এম মফিদুল ইসলাম। যোগদানের পর থেকেই তিনি ডেন্টাল ইউনিটটি পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেন। সরকারি প্রক্রিয়া মেনে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও পরিবেশ উন্নয়নের মাধ্যমে তিনি ইউনিটটি প্রস্তুত করেন।
অবশেষে আজ ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হলো এই ডেন্টাল ইউনিট। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মফিদুল ইসলাম নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শেখ জাবের আহমেদ। তিনি বলেন, শুধু একটি ইউনিট চালু নয়, এটি শ্রীবরদীবাসীর জন্য একটি স্বস্তির প্রতীক,যেখানে সাশ্রয়ী ও মানসম্পন্ন দাঁতের চিকিৎসা সেবা নিশ্চিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. রুহিনা ইসরাত, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম ডালিয়া, নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, এমটি-ল্যাব মাহবুবুর রহমান শাহীন, স্টাফ সোহেল রানা, নার্সিং ইনচার্জ বৃথি, ডেন্টাল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
ডেন্টাল ইউনিট চালু হওয়ায় শ্রীবরদী উপজেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। এখন থেকে আর দাঁতের সমস্যায় শহরমুখো হতে হবে না। সরকারি এই সেবার মাধ্যমে অল্প খরচে প্রয়োজনীয় চিকিৎসা মিলবে স্থানীয় পর্যায়ে।
অনেকেই মনে করছেন, এটি শুধু একটি চিকিৎসা ইউনিটের যাত্রা নয়, বরং মানবিক নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা ও সরকারি সেবার সঠিক বাস্তবায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এলাকাবাসীর মতে, ডা. মফিদুল ইসলামের আন্তরিকতা এবং প্রশাসনের সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না।
এই উদ্যোগ প্রমাণ করে, সদিচ্ছা ও দায়বদ্ধতা থাকলে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে যেকোনো খাতেই পরিবর্তন সম্ভব। ডা. মফিদুল ইসলাম ও সংশ্লিষ্ট সকলকে শ্রীবরদীবাসী কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























