প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৩:৫০ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা, যিনি ভিন্ন ধর্মের হলেও তার নামের শেষে মুসলিম পদবী ব্যবহার করেন, তার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি হৃদয়স্পর্শী কারণ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে দিয়া জানান, তার বাবা ছিলেন জার্মানির আর্কিটেক্ট, ধর্মে খ্রিস্টান, আর মা ছিলেন বাঙালি হিন্দু। চার বছর বয়সে তার বাবা-মায়ের বিচ্ছেদের পর, তারা অন্য জীবনসঙ্গী বেছে নেন।
দিয়া স্মৃতিচারণ করে বলেন, “যখন আমি ৯ বছর বয়সে পৌঁছেছিলাম, আমার বাবা মারা যান। আমি তখনও তার পদবী ‘হ্যান্ডরিচ’ ব্যবহার করতাম।”
তিনি আরও বলেন, “মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়, আমি আমার পদবী পরিবর্তন করে সৎ বাবার পদবী ‘মির্জা’ যোগ করি। কারণ, আহমেদ মির্জা আমার সৎ বাবা, যিনি আমাকে ছোটবেলা থেকে ভালোবাসায় জড়িয়ে রেখেছিলেন এবং নিজের বাবার চেয়ে কোনও অংশে কম যত্ন করেননি।”
পদবী পরিবর্তনের বিষয়ে দিয়া বলেন, “এটি সৎ বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন।”
ধর্ম সম্পর্কিত প্রশ্নে দিয়া স্পষ্ট বলেন, “আমি আমার ধর্ম কখনোই প্রকাশ্যে আলোচনা করি না। তবে, সৎ বাবাকে ভালোবেসে আমি তার পদবী ব্যবহার করি। এখানে ধর্ম পরিবর্তনের কোনো বিষয় নেই।”
এছাড়া, টুইটারে দিয়া লিখেছেন, “আমার সমস্ত সরকারি নথিতে ধর্মের স্থান ফাঁকা থাকে। কারণ আমি মনে করি, একজন ভারতীয়ের পরিচয় ধর্ম নির্ধারণ করে না। এটি কখনো ছিল না এবং আমি আশা করি, এটা কখনো হবে না।”
ব্যক্তিগত জীবনে, ২০১৪ সালে ব্যবসায়ী সাহিল সঙ্ঘের সঙ্গে প্রথম বিয়ে করেন দিয়া। তবে ২০১৯ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে ২০২১ সালে বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া। বর্তমানে তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























