প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পিএম

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ তাদের দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টি পারভেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ইউনিভার্সিটি অব স্কলার্সের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগেই সোমবার (২১ এপ্রিল) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের চিঠি ইস্যু করা হয়।
সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন: ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষিতে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে পাওয়া তথ্যে এই দুই শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেজিস্ট্রার মোবাশ্বের আলী জানান, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ হিসেবে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, তদন্ত চলাকালে প্রক্টোরিয়াল কমিটি বহিষ্কৃতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হয়, ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত ছাত্রত্ব স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কার্যক্রমে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছে।
এর আগে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. রায়হানা বেগম জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, নিহত পারভেজের পরিবারের পাশে থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পুলিশ ও মামলার এজাহার অনুযায়ী, পারভেজ বিশ্ববিদ্যালয়ের পাশে একটি গলিতে চা-সিঙ্গাড়া খেতে গেলে তিনজন ছাত্রীকে দেখে হাসাহাসি করেন বলে অভিযোগ ওঠে। এরপর ওই ছাত্রীরা তাদের বন্ধুদের ফোন করেন এবং বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন মীমাংসা করলেও, পরবর্তীতে মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারী নামের কয়েকজন যুবক পারভেজের ওপর হামলা চালায়। প্রধান গেটের দিকে পালানোর সময় পারভেজ ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।
ঘটনার নৃশংসতায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্ত চলছে, এবং সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন মহল।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com























