প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:০৩ পিএম

সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুজিয়া বেগম, তিনি দুবাইপ্রবাসী মোখতার হোসেনের স্ত্রী এবং বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।
ঘটনাটি ঘটে ২৫ জুন (বুধবার) ভোর ৫টার দিকে। পরিবারের সদস্যরা জানান, তারা ভোরে সুজিয়াকে ঘরে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় দেখতে পান। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম জানান, নিহতের শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের দাবি, সুজিয়া বেগম মানসিকভাবে কিছুটা অস্থির ছিলেন। মরদেহের সুরতহাল শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























