প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৩:০৬ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেট অঞ্চলে আর কোনো পাথর কোয়ারি খুলে দেওয়ার অনুমতি দেবে না সরকার। জাফলং পর্যটন এলাকাকে পরিবেশবান্ধবভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে এ অঞ্চলের পাথর শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়।
শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে সিলেটের জাফলং ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া (ইসিএ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “জাফলং এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে এরই মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, পরিবেশ রক্ষার স্বার্থে জাফলংয়ের অবৈধ পাথর কোয়ারি ও পাথর উত্তোলনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। পাশাপাশি পর্যটন উন্নয়নের মাধ্যমে স্থানীয় মানুষের জীবিকার সুযোগ প্রসারিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “জাফলং ও আশপাশের এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করা হবে।”
সরকারের এ ধরনের পদক্ষেপকে স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদীরা স্বাগত জানালেও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























