প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে এক রাতেই অন্তত ৭০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ জুন) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১২ জুন) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির তথ্য অনুযায়ী, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। অন্যদিকে, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় আরও ১৭ জনকে।
জৈন্তাপুরের শ্রীপুর বিওপির আওতায় থাকা সীমান্ত পয়েন্টে দুইটি পরিবারের ১৭ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। এদের মধ্যে ৭ জন কুড়িগ্রাম জেলার এবং ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা। একই উপজেলার মিনাটিলা বিওপি চারটি পরিবারের ২৩ জনকে আটক করেছে, যাদের সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। এদের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে।
এছাড়া, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি দুইটি পরিবারের ১৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে, এবং তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপির আওতাধীন ছনবাড়ি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় চারটি পরিবারের ১৭ জন বাংলাদেশিকে। তাদের মধ্যে রয়েছে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু। তারা সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পুশ-ইন হওয়া এসব বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। বর্তমানে তাদের বিজিবি হেফাজতে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, “সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























