প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৪:৫১ পিএম

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই মোটরসাইকেল।
গত ১৫ মে সোবহানীঘাট এলাকার লতিফিয়া টাওয়ারের নিচ থেকে পোল্যান্ড প্রবাসী নাজমুল ইসলামের ব্যবহৃত একটি ইয়ামাহা FZS.V3 মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ২৭ মে কোতোয়ালী থানায় একটি মামলা (নং-৪৬, ধারা ৩৮০) দায়ের করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে একটি টিম মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা এলাকা থেকে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন: মো. আজিজুল ইসলাম (২৯), আবুল কালাম (৩২), প্রনয়ন দাস (২৬), সাইফুজ্জামান (৩২), মো. রেজাউল করিম (২৯) ও লোটন চৌধুরী (৩৩)।
গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলসহ আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























