প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৫:০১ পিএম

আজ রোববার থেকে শুরু হচ্ছে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম বার্ষিক পবিত্র ওরস মাহফিল। প্রতি বছর হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে দুই দিনব্যাপী এ মাহফিল আয়োজিত হয়।
ওরস উপলক্ষে দেশ-বিদেশের হাজারো ভক্ত, আশেক ও আউলিয়া প্রেমিকজন সিলেটের মাজার প্রাঙ্গণে জড়ো হয়েছেন। শুক্রবার রাত থেকেই ভক্তদের আগমন শুরু হয়, যা শনিবার রাতের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়। পুরো সিলেট শহরে এখন জায়গা মিলছে না দর্শনার্থীদের ভিড়ে।
দুই দিনব্যাপী এই আধ্যাত্মিক আয়োজনে থাকছে গিলাপ ছিটানো, জিকির-আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ। অনেকেই তাদের মানত অনুযায়ী দান করেছেন নগদ অর্থ, গরু ও ছাগল।
ওরস সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আয়োজক কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম (সেবা) এক সংবাদ সম্মেলনে জানান, ওরস মাহফিল সিলেটের মর্যাদা ও ঐতিহ্যের অংশ। দূরদূরান্ত থেকে আগত ভক্তরা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
তিনি আরও জানান, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন প্রশাসনিক বাহিনী আয়োজকদের সহায়তা করবে। সাদা পোশাকের পুলিশ, সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। তিনি মোবাইল ছিনতাই ও প্রতারণা প্রতিরোধে সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের অন্যতম খাদিম মুফতি নিহাল উদ্দিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিভিন্ন গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























