প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৫:৪১ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া এলাকায় একটি স্কুল মাঠে গরুর হাট বসানোয় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতি বুধবার হাটের দিনে টিফিনের পর স্কুল ছুটি দেওয়া হচ্ছে। এমনকি সপ্তাহের অন্যান্য দিনেও মাঠে বাজার বসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালখোওয়া স্কুল অ্যান্ড কলেজ—এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের একই মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করত। সেখানে প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। মাঠে হাট বসার কারণে তারা এখন খেলাধুলা তো দূরের কথা, ঠিকমতো ক্লাসও করতে পারছে না।
গত ২৫ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইজারাদারকে মাঠ থেকে হাট সরিয়ে নিতে নির্দেশনা দিলেও তা মানা হয়নি। ইজারাদার দাবি করেন, তিনি ইউএনওর কোনো চিঠি পাননি এবং স্থানীয়দের সম্মতিতে মাঠে হাট বসানো হচ্ছে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ জানিয়ে বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাসেম আলী বলেন, “শিক্ষার পরিবেশ রক্ষা করতে স্কুল মাঠে হাট বন্ধ করা জরুরি।”
জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএনওর দপ্তরে যোগাযোগ করা হবে। এদিকে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, স্কুল মাঠে হাট বসানো আইনসিদ্ধ নয় এবং হাট সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























