প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস চলাকালে ফ্যানের পাখা শিক্ষার্থী মুশরাকুল আলম ফারহাদ–এর ঘাড়ের ওপর পড়ে। পরে শ্রেণি শিক্ষকের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা শ্রেণিকক্ষসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নিয়মিত তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় দুই মাস বন্ধ থাকার পর ক্লাস শুরু হলেও সরঞ্জামগুলোর যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তাদের ধারণা, ফ্যানের নাট-বল্টুতে মরিচা ধরার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বিভাগের প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসাইন জানান, নিয়মিতভাবে ক্লাসরুমের সরঞ্জামাদি পর্যবেক্ষণ করা হয় এবং ফ্যানগুলোও সম্প্রতি স্থাপন করা হয়েছে। সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সব কক্ষের সরঞ্জাম পুনরায় পরীক্ষা করার কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























