প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম

বান্দরবানে সবুজ পাহাড়ের বুক চিরে অনুষ্ঠিত হলো ‘হিল ম্যারাথন ২০২৫’। ভোর সাড়ে ৫টায় রাজার মাঠ থেকে শুরু হয়ে সুয়ালক হয়ে আবার একই স্থানে শেষ হয় এই ২১ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথন। পাহাড়ি আঁকাবাঁকা পথে অনুষ্ঠিত এই দৌড়ে অংশ নেন দেশি-বিদেশি প্রায় ৩০০ দৌড়বিদ।
আয়োজক ছিল বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্স। তাদের মূল লক্ষ্য—যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্যসচেতন করে তোলা এবং মাদকের ছোবল থেকে দূরে রাখা।
ম্যারাথনের জয় ছিনিয়ে নেন সিলেটের মৌলভীবাজার জেলার আশরাফুল ইসলাম, যিনি মাত্র ১ ঘণ্টা ২২ মিনিটে দৌড় শেষ করেন। তিনটি বিভাগে প্রথম ২০ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগীদের একজন আরিফুল ইসলাম বলেন, “পাহাড়ি পথে দৌড়ানোর অভিজ্ঞতা একেবারে ভিন্ন ছিল। প্রাকৃতিক সৌন্দর্য আর রাস্তার উঁচু-নিচু পথ দারুণ চ্যালেঞ্জিং। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত দৌড় অনুশীলন খুবই জরুরি।”
হিল ম্যারাথনের আহ্বায়ক শহিদুর রহমান সোহেল জানান, “যুবদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে নিয়মিত এই ধরনের ইভেন্ট আয়োজন করে যাচ্ছি। এবার অংশগ্রহণকারীদের মধ্যে ৮ জন নারী ও ৫০ জন বান্দরবানের স্থানীয় ছিলেন। বাকিরা এসেছেন দেশের বিভিন্ন জেলা থেকে।”
উল্লেখযোগ্য, গত বছর ২০২৪ সালে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছিল ‘ভার্টিকাল ড্রিমারস আল্ট্রা ম্যারাথন’, যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ৪০০ দৌড়বিদ।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























