প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৫, ০৮:২৩ পিএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছেন ১৫৯ জন বাংলাদেশি শিক্ষার্থী। এদের মধ্যে ১০৯ জন দুই বছর মেয়াদি জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যায় বাংলাদেশ এ বছর বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
অনুষ্ঠানে ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ও ইরাসমাস প্লাসের জাতীয় ফোকাল পয়েন্ট জেসমিন পারভীন, ইইউভুক্ত দেশসমূহের কূটনৈতিক প্রতিনিধি, এবং ইরাসমাস মুন্ডাস অ্যালামনাইগণ অংশ নেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, “এই স্কলারশিপ শুধুমাত্র শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা জাতির জন্য সম্মানের বিষয়।” তিনি আরও জানান, বাংলাদেশের শিক্ষার্থীরা ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের মেধা ও দক্ষতার প্রমাণ দেবে।
রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, “ইরাসমাস প্লাস স্কলারশিপ বাংলাদেশের তরুণদের জন্য উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।”
উল্লেখ্য, ইউজিসি চেয়ারম্যান ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে আরও সহযোগিতা চেয়েছেন। এরই অংশ হিসেবে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে ইউজিসির আন্তর্জাতিক বিভাগ।
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা কর্মসূচি, যার যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে। এ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ইউরোপের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট ডিগ্রি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























