প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখ আতিথেয়তা দেবে ইন্টার মিলানকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যালিয়েঞ্জ অ্যারেনায়, বাংলাদেশ সময় রাত ১টায়।
ইন্টার মিলান সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ২০০৯-১০ মৌসুমে, যেখানে তারা বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল। ইউরোপের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে দুদল শেষবার মুখোমুখি হয়েছিল ২০২২-২৩ মৌসুমে। এবার আবারও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মুখোমুখি হচ্ছে বায়ার্ন এবং ইন্টার মিলান।
এবারের ম্যাচের আগে, বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি তার ইনজুরিতে আক্রান্ত দল নিয়ে মাঠে নামবেন। জামাল মুসিয়ালা, ম্যানুয়াল নয়ারসহ ৬ গুরুত্বপূর্ণ ফুটবলার এই ম্যাচে নেই। তবে, কোম্পানি ইনজুরির কারণে চিন্তিত নন এবং তিনি বলেছেন, “প্রতিটি দলই এই ধরনের ম্যাচ খেলার জন্য লড়াই করে। যদিও অনেক ইনজুরি রয়েছে, আমি খুব একটা ভাবছি না। ইন্টার খুব শক্তিশালী দল, তাদের কিছু দুর্দান্ত ফুটবলার আছে। আমাদের পরবর্তী লেগে তাদের মাঠে খেলতে হবে, তাই এ ম্যাচে এগিয়ে থাকতে হবে।”
অন্যদিকে, ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাগি বলেছেন, “এটি খুব শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলা, যারা রিয়ালের সঙ্গে শিরোপার রেসে ফেবারিট। তবে, আমরা এটিকে অন্য ম্যাচগুলোর মতোই নিব, এবং সর্বোচ্চ চেষ্টা করব। জানি বায়ার্ন খুব আক্রমণাত্মক ফুটবল খেলে, তবে আমরা অনেক কষ্ট করে এখানে পৌঁছেছি, তাই আমাদের হারানো সহজ হবে না।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























