প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:১৩ পিএম

নাটকীয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আজ বিকেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় পরিচালকদের ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
একই সভায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ ক্রিকেট সংগঠক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।
বিকেলেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করা হয়। গঠনতন্ত্রের ১৩.২ (খ)(৪) ধারা অনুসারে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রাতে এনএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবরের মধ্যে। ফলে চার মাসের মতো ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বুলবুল। এরপর তিনি আবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-তে তার পুরোনো দায়িত্বে ফিরে যেতে পারেন।
আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নাম। ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরির গর্বিত মালিক। খেলার মাঠ থেকে অবসর নিয়ে অস্ট্রেলিয়ায় কোচিংয়ের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে কোচ হিসেবে যুক্ত হন। পরে দেশে ফিরে আবাহনীকে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























