প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:২১ পিএম

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে ঢল নেমেছে বিএনপি নেতাকর্মীদের। বুধবার (২৮ মে) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় সকাল থেকেই উত্তেজনা তৈরি হয়। বিএনপির তিন সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকাসহ সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে যোগ দেন। কারো হাতে দলীয় পতাকা, কারো হাতে ব্যানার-ফেস্টুন—শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
নিরাপত্তা নিশ্চিত করতে নয়াপল্টন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
নেতারা সমাবেশে বলেন, তরুণদের মতপ্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার সংকুচিত হয়ে এসেছে। এই সমাবেশের মাধ্যমে তারা নিজেদের অবস্থান ও দাবি তুলে ধরছেন। আয়োজকদের মতে, তরুণদের নিয়ে এই ধারাবাহিক সেমিনার ও সমাবেশ শুধুই রাজনৈতিক কর্মসূচি নয়—এটি একটি নীতিনির্ভর প্রচেষ্টা, যেখানে তরুণদের ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় সম্পৃক্ত করা হচ্ছে।
সমাবেশে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণদের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে জানান আয়োজকরা।
এছাড়াও সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা—খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ আরও অনেকে।
এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একই ধরনের সেমিনার ও সমাবেশ হয়েছে। ঢাকায় এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিএনপির তিন সহযোগী সংগঠনের চলতি মাসব্যাপী কর্মসূচি।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























