প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০৫:১৫ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভুট্টা চাষ এখন একটি জনপ্রিয় আবাদে পরিণত হয়েছে। কৃষি অফিসের দেওয়া প্রণোদনা ও বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী আয়োজনের মাধ্যমে কৃষকদের মধ্যে ভুট্টা চাষের প্রতি আগ্রহ বেড়েছে, যা তাদের জীবনমান পরিবর্তনে সহায়ক হচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে এবং অনুকূল আবহাওয়ায় স্বল্প খরচে অধিক ফলন পাওয়া সম্ভব, এমনটাই আশা করছেন কৃষকরা।
কৃষি অফিস ও বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ভুট্টা চাষে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে কাজ করছেন স্থানীয় কৃষকরা। শীতকালীন সবজি চাষের পাশাপাশি নানা জাতের ভুট্টা চাষের প্রতি এখন আগ্রহী হয়েছেন তারা। এ বছর ভুট্টার বাম্পার ফলন হবে, এমন আশায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন কৃষকরা।
উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ এলাকায় ব্যাপকভাবে ভুট্টা চাষ করা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে এবার ভুট্টা চাষে ব্যাপক সফলতা আসবে বলে আশা করা যাচ্ছে।
ভুট্টা চাষী জহিরুল ইসলাম বলেন, “গত বছর আমি ৫০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ভালো ফলন ও মুনাফায় এবার ১০০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। গত বছর প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকা আয় করেছি, এ বছর তার দ্বিগুণ লাভের প্রত্যাশা করছি। বেশি জমিতে ভুট্টা চাষ করলে বিক্রয়ের সময় কোনো সমস্যা হয় না, কারণ পাইকাররা সরাসরি জমি থেকে ভুট্টা কিনে নিয়ে যায়। খরচ কম, লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর গোয়াইনঘাট উপজেলায় ৮৭ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় ৪০ জন কৃষককে ভুট্টা চাষে সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে দুই কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমপিও সার দেওয়া হয়েছে। এছাড়া ৮০ জন কৃষককে প্রদর্শনীর মাধ্যমে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কৃষি অফিস আরও জানায়, অনেক কৃষক এখন নিজ উদ্যোগে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন এবং কৃষি অফিস তাদের উৎসাহিত করছে।
উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি বলেন, “অনাবাদি জমি যাতে আবাদযোগ্য হয়, সে জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এইসব জমিতে ভুট্টা চাষের মাধ্যমে এলাকার কর্মহীন মানুষদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। পর্যায়ক্রমে আরও পতিত জমি আবাদের আওতায় আনা হবে।”
ভুট্টা চাষের প্রতি কৃষকদের আগ্রহ এবং তাদের সফলতার স্বপ্ন কৃষি উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করছে, যা গোয়াইনঘাটের কৃষির ভবিষ্যতকে আলোকিত করবে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























