প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:৩৬ এএম

‘মার্চ ফর গাজা’র লাইভ কাভারেজে প্রশংসিত সময় টিভির আলেম সাংবাদিক তামিম
গাজা সংকটের বিরুদ্ধে স্মরণকালের অন্যতম বড় গণজমায়েত ‘মার্চ ফর গাজা’র সরাসরি প্রতিবেদন করে আলোচনায় এসেছেন সময় টিভির আলেম সাংবাদিক মুফতি আব্দুল্লাহ তামিম।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে লাইভ রিপোর্টিং করেন তিনি। প্রাসঙ্গিকতা, তথ্যবহুল বর্ণনা ও সাবলীল উপস্থাপনায় তামিম দ্রুতই নেটিজেনদের দৃষ্টি কাড়েন।
অনলাইনে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ক্লিপ ভাইরাল হলে সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন এই তরুণ সাংবাদিক।
অনেকে বলছেন, কওমি পটভূমির একজন আলেমকে এভাবে মূলধারার গণমাধ্যমে পেশাদার রিপোর্টিং করতে দেখা এক নতুন দৃষ্টান্ত।
এক সিনিয়র সাংবাদিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “বাংলাদেশের গণমাধ্যমে প্রথমবার কোনো দাওরায়ে হাদিস (মাস্টার্স) পাস, ইফতা ডিগ্রিধারী আলেমকে এইভাবে মাঠে রিপোর্ট করতে দেখা গেল। সময় টিভি এবং তামিম—উভয়েই ইতিহাস সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন, “দেশে কওমি শিক্ষিতরা অনেক সময় অবহেলিত থাকেন। আজকের দৃশ্যপট সে ধারণা বদলাতে সহায়ক হবে। যোগ্যতা অনুযায়ী সুযোগ পেলে পোশাক বা পরিচয় বাধা হতে পারে না—এই বার্তাও দিয়েছে এই প্রচেষ্টা।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন অনেকেই। একজন লেখেন, “তামিম ভাই, আপনি প্রমাণ করেছেন স্মার্টনেস মনোভঙ্গি ও মেধায় থাকে, পোশাকে নয়।”
আরেকজন লিখেছেন, “আপনার রিপোর্টিং দেখে মন ভরে গেছে। ভালোবাসা ও দোয়া রইল।”
নিজের প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ তামিম জানান, “সাংবাদিকতা শুধু পেশা নয়, বরং আমার কাছে এটি ঈমানি দায়িত্ব। সত্য, মানবতা ও ইসলামের বার্তা পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।”
তিনি জানান, ২০১৫ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং সময় টিভিতে কাজ করছেন দুই বছর ধরে। হজ কাভারেজের জন্য সৌদি আরব গিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তামিম বলেন, “সামাজিক মাধ্যমে আলোচনার বিষয়গুলো জীবনচক্রের অংশ। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং দোয়া চাই, যেন ইসলামের আলো ছড়াতে আমরণ কাজ করে যেতে পারি।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























