পবিত্র রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে গত ৫ জানুয়ারি পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠান মো. ইলিয়াছ আলী মন্ডল।
নোটিশে বলা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত রীতি রয়েছে, যা আইন ও নীতির অংশ হিসেবে বিবেচিত। সংবিধানের ৩১ ও ১৫২(১) অনুচ্ছেদের উল্লেখ করে সেখানে দাবি করা হয়, রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক।
এতে আরও বলা হয়, রোজা রেখে স্কুলে যাতায়াত ও ক্লাস করা কোমলমতি শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য হতে পারে এবং ধর্মীয় অনুশীলনে বিঘ্ন ঘটাতে পারে। পাশাপাশি রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে শহরাঞ্চলে যানজট বাড়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়। পরবর্তীতে এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আগের তুলনায় ১২ দিন কম ছুটি নির্ধারণ করা হয়। নতুন তালিকা অনুযায়ী, রমজানের বড় অংশজুড়ে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল—সরকারি প্রাথমিক বিদ্যালয় ২১ রমজান এবং মাধ্যমিক বিদ্যালয় ১৮ রমজান পর্যন্ত চালু রাখার কথা ছিল।
অন্যদিকে সরকারি ও বেসরকারি কলেজে রমজান মাসজুড়ে ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসাগুলোতেও ১৫ ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।
হাইকোর্টের এ আদেশের ফলে রমজান মাসে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান পুরো সময় বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

























